বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় সামরিক আগ্রাসন হলে তার আগুন ইহুদিবাদী ইসরাইলকে গ্রাস করবে বলে মন্তব্য করেছেন ইরানের একজন পদস্থ কর্মকর্তা।
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার সত্বেও আমেরিকা দেশটিতে আগ্রাসন চালাতে পারবে না। কারণ, সিরিয়াকে কেন্দ্র করে ব্যাপকভিত্তিক যুদ্ধ শুরু হলে তা সবার আগে ইসরাইলকে গ্রাস করবে।
বোরুজেরদি বলেন, ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর হাতে মার খেতে খেতে তেলআবিবের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কাজেই এ ধরনের আরেকটি পরীক্ষার সম্মুখীন হওয়ার মতো অবস্থা ইহুদিবাদী সরকারের নেই।
তিনি বলেন, সিরিয়ার চলমান সহিংসতার একটি বড় অংশ হচ্ছে মনস্তাত্ত্বিক প্রচারণা। যে সব দেশ সিরিয়ায় জঙ্গী পাঠাচ্ছে তাদের কাছে মিথ্যা তথ্য তুলে ধরছে ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত পশ্চিমা গণমাধ্যম। একই সময়ে সিরিয়ার সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা।
আমেরিকা ও তার কুচক্রি মিত্ররা সিরিয়ায় তাদের সব শক্তি নিয়োগ করেও সাফল্য পায়নি- উল্লেখ করে ইরানের এ প্রভাবশালী এমপি বলেন, সহিংসতা শুরুর দু’বছর পর সিরিয়া এখন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের তার মিত্রদের ভয়াবহ পরাজয়ের স্থানে পরিণত হয়েছে।